উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ করা

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে ঘিরে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বরিশালের উজিরপুরে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং মানুষের চলাচল আরও সহজ করতে এবার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কের ৮ কিলোমিটার অংশ প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজ শুরু হয়েছে। প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পকে স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করে এমপি সান্টু বলেন, “উজিরপুরের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। একটি ভালো সড়ক মানুষের চলাচল সহজ করার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেয়। সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কের উন্নয়ন হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”

তিনি বলেন, উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ করা। কৃষক যেন তাঁদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নিতে পারেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ যেন নির্বিঘেœ যাতায়াত করতে পারেনÑসেদিকটি বিবেচনায় রেখেই যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এমপি সান্টু আরও বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন কাজের সুফল দীর্ঘস্থায়ী হওয়া প্রয়োজন। তাই কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি কাম্য নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির চেইনেজ ০.০০ থেকে ৮,০০০ মিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। প্রকল্পটির চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। কাজের ঠিকাদারি পেয়েছে কিশোরগঞ্জের ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনিরুল হক। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আ প ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাড়ি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কটি উজিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের সংকীর্ণতা ও দুর্বল অবস্থার কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি প্রশস্ত ও শক্তিশালী হলে একদিকে যেমন যানবাহন চলাচল নিরাপদ হবে, অন্যদিকে কৃষিপণ্য দ্রুত পরিবহন ও বাজারজাত করা সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে এবং উজিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি।
বিজ্ঞাপন
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ হলে উজিরপুরের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ আরও নিবিড় হবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে।
উজিরপুরের একাধিক বাসী বলেন, দীর্ঘদিনের প্রয়োজনের এই সড়ক প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উজিরপুরের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা হলো। তাঁদের আশা, ভবিষ্যতে আরও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।








