Logo

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, দ্বিতীয় বিয়ের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, দ্বিতীয় বিয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, স্বর্ণালংকার ও টাকা নেওয়া এবং দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে বাছির মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিল্পী আক্তার অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগকারী শিল্পী আক্তার অষ্টগ্রাম উপজেলার মধ্য অষ্টগ্রাম (বাগপাড়া) এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি জানান, প্রায় ১৪ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের বাগপাড়া এলাকার সুন্দর আলীর ছেলে বাছির মিয়ার সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী তার বিয়ে হয়। বিয়ের সময় তার পরিবার থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা দেওয়া হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

শিল্পী আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিয়ে তার পরিবারের কাছ থেকে টাকা নিতেন। পরবর্তীতে স্বামী আরও টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও বিভিন্নভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে শিল্পী আক্তার আরও উল্লেখ করেন, কয়েকদিন ধরে বাছির মিয়া তাকে তালাক দেওয়ার হুমকি দিয়ে দ্বিতীয় বিয়ের চেষ্টা করছিলেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ঢাকা থেকে সুমি আক্তার (২৫) নামে এক নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি।

বিজ্ঞাপন

শিল্পী আক্তারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় গত ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মধ্য অষ্টগ্রাম (বাগপাড়া) এলাকায় বাছির মিয়া, তার দ্বিতীয় স্ত্রী সুমি আক্তারসহ অভিযুক্তরা তাকে মারধর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে বাছির মিয়া ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার হাতে গুরুতর জখম হয়। পরে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিল্পী আক্তারের আরও দাবি, হামলার সময় তার পরনে থাকা স্বর্ণের চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে বর্তমানে তিনি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিল্পী আক্তার জানান, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।

লিখিত অভিযোগে স্বামী বাছির মিয়াসহ শ্বশুরবাড়ির কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD