পিরোজপুর সদর ইউএনও মামুনুর রশীদের স্মরণীয় কর্মকাল শেষ

প্রায় দুই বছরের দায়িত্ব পালন শেষে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বিদায় নিয়েছেন। দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক ও সৃজনশীল নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
বিজ্ঞাপন
তার কর্মকালকে স্মরণীয় করে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি বাস্তবায়িত বেশ কয়েকটি নান্দনিক ও আধুনিক সেবামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণের অবকাঠামো ও সৌন্দর্যবর্ধনে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সুদৃশ্য মূল ফটক, নান্দনিক বাউন্ডারি ওয়াল, ‘বীথিকা উদ্যান’, ‘গোলাপকুঞ্জ’ এবং পুকুরে আধুনিক ঘাটলা। একই সঙ্গে পুকুরে রাখা হয়েছে নৌযান ‘সোনার তরী’।
সেবাপ্রার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার ‘অবকাশ’। রয়েছে সুপেয় পানির ব্যবস্থা ‘নির্ঝর’, মোবাইল চার্জিং স্টেশন এবং ‘ইউএনও’স গার্ডেনিয়া অ্যান্ড ক্যাফে’।
বিজ্ঞাপন
পরিবেশবান্ধব ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে স্থাপন করা হয়েছে সৌরশক্তিনির্ভর ব্যবস্থা ‘সৌরজ্যোতি’। এছাড়া আধুনিক সভাকক্ষ, শহীদ ওমর ফারুক মিলনায়তন এবং ছাদভিত্তিক অবকাশ কেন্দ্র ‘আনন্দধারা’ তৈরি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রেও রাখা হয়েছে বিভিন্ন সুবিধা। সভাকক্ষের পাশে স্থাপন করা হয়েছে একটি লাইব্রেরি। শিশুদের জন্য রয়েছে শিশুপার্ক এবং স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ‘ফিটনেস অ্যান্ড ওয়েলনেস সেন্টার’।
বিজ্ঞাপন
স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রার্থীদের ভাষ্য, মামুনুর রশীদের দায়িত্বকাল শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার গুণগত মানোন্নয়ন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রান্তিক মানুষের কাছে দ্রুত সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
বিদায়ী ইউএনও মামুনুর রশীদ বলেন, সরকারি দপ্তর কেবল প্রশাসনিক আমলাতান্ত্রিক কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত হওয়া উচিত—এই ভাব থেকেই সৌন্দর্যায়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ। আমাদের মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তা-কর্মচারীদের কাজের সুন্দর পরিবেশ তৈরির পাশাপাশি সেবা নিতে আসা মানুষ ও শিশুদের জন্য একটি জনবান্ধব ও নান্দনিক স্থান গড়ে তোলা। পিরোজপুরবাসীর জন্য এই ইতিবাচক পরিবর্তনটুকু আনতে পেরে আমি সত্যিই আনন্দিত।
জেলা প্রশাসক আবু সাঈদ বিদায়ী ইউএনওর প্রশাসনিক দক্ষতা ও সৃজনশীল নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি মামুনুর রশীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিজ্ঞাপন
প্রায় দুই বছরের কর্মকাল শেষে মামুনুর রশীদের বিদায়ের মধ্য দিয়ে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনে তার উদ্যোগ ও বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের স্মৃতি রেখে গেলেন তিনি।








