Logo

৩০ বছর পর বাবার ঘরে ছেলে, মাকে ‘আন্টি’ ডাকায় কুপিয়ে হত্যা করলেন মা

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫৮
৩০ বছর পর বাবার ঘরে ছেলে, মাকে ‘আন্টি’ ডাকায় কুপিয়ে হত্যা করলেন মা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে তিন বছরের শিশুপুত্র আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল (৮) নামে আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আকলিমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালিয়ার বাইদ এলাকার মুজিবনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদরাতুল আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে। তাকে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় পরবর্তী সময়ে প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের ঘরেই জন্ম নেয় আশরাফুল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আকলিমা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। চাকরির কারণে বেশির ভাগ সময় তাঁকে বাড়ির বাইরে থাকতে হতো। এ কারণে আশরাফুলকে লালন-পালন করতেন শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তার। শিশুটি নাসিমাকে ‘বড়মা’ বলে ডাকত। স্থানীয় কয়েকজনের দাবি, সে নিজের মাকেও ‘আন্টি’ বলে সম্বোধন করত।

স্থানীয় কয়েকজনের ধারণা, শিশুটি নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মনে ক্ষোভ কিংবা অভিমান তৈরি হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না। ফলে হামলার প্রকৃত কারণ এখনো অজানা। পুলিশি তদন্তের পর বিষয়টি স্পষ্ট হতে পারে।

শাহীন মিয়া বলেন, প্রায় ৩০ বছর পর তিনি একটি পুত্রসন্তান পেয়েছিলেন। সেই সন্তানকে তার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করেছেন। শুধু তার সন্তান নয়, আকলিমার আগের স্বামীর ঘরের মেয়ে সিদরাতুলকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটির মাকে নিরাপত্তার স্বার্থে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাড়ে ৩ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD