কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি’ গ্রুপের লিডার ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটাতে গেলে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ও বন্ধুরা খবর পেয়ে আহত ফরহাদকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি অন্যতম। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়েরবাজার এলাকায় ‘আরমান শাহরুখ’ ও ‘পাটালি’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে পাটালি গ্রুপের সদস্যরা আরমান শাহরুখ গ্রুপের শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে সেখান থেকে শাহরুখকে গ্রেফতার করে র্যাব।
বিজ্ঞাপন
রায়েরবাজার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করেও দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে। নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য ফরহাদের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।








