মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে ইউনাইটেড পরিবহনের একটি বাস। পরে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দুটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম বলেন, ‘ডিউটিরত অবস্থায় কাজীর শিমলা এলাকায় পৌঁছে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা দেখতে পাই। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন আহত হন।’
তিনি আরও বলেন, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। তবে বাসের চালক ও হেলপারের অবস্থা সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।








