মেহেরপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গাড়াডোব এলাকা থেকে তাকে আটক করে। জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হাশেম আলীর ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মাছ ধরার ছিপ দিয়ে মাছ ধরার কথা বলে শিশুটিকে বাড়ির বাইরে নিয়ে যায় জুয়েল হোসেন। পরে তাকে একটি আমবাগানের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান। একপর্যায়ে শিশুটি তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে ভর্তি করেন। পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি জানার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।








