বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চুরি হওয়া একটি গর্ভবতী গাভী উদ্ধার করেছে পুলিশ। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মো. শাহজাহান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাভীটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা মোছা. হাফছা আক্তার (৩৫) ও তাঁর স্বামী অসুস্থ এক রোগীকে নিয়ে ময়মনসিংহ হাসপাতালে যান। এ সময় বাড়ির পেছনে বাঁধা থাকা লাল রঙের গাভীটি চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন হাফছা আক্তার।
ভুক্তভোগীর দাবি, গাভীটি গর্ভবতী ছিল এবং এর পেটে প্রায় পাঁচ মাসের বাছুর ছিল। গাভীটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানান তিনি।
গাভী চুরির বিষয়টি জানার পর হাফছা আক্তার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। পরে পুলিশ ফাঁড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাভীটি শনাক্তের চেষ্টা চালায়। একপর্যায়ে তথ্য পাওয়া যায়, গাভীটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সারার কোনা এলাকায় রয়েছে।
বিজ্ঞাপন
এরপর ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করে।
গাভীটি উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।








