Logo

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ডুবল মাছ ধরার ট্রলার

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২১
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ডুবল মাছ ধরার ট্রলার
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ায় পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি গভীর সাগর উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যেই উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীর একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৯ মাঝিমাল্লাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৫) জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে গভীর সাগরও উত্তাল হয়ে উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যেই মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

ট্রলারটিতে জহির প্যাদা, তার ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় তাদের সবাইকে উদ্ধার করা হয়। পরে রাত ১১টার দিকে উদ্ধার হওয়া ৯ জনকে যুগিরহাওলা ঘাটে নিয়ে আসা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD