Logo

ভাইরাল হওয়ার পর এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রাণী

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৬
ভাইরাল হওয়ার পর এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রাণী
ছবি: সংগৃহীত

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষর করা এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে প্রধান শিক্ষক বিউটি রাণী পালও রয়েছেন।

শিক্ষক বিউটি রাণীর পাশাপাশি আরও তিন শিক্ষক শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

বিজ্ঞাপন

তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

একটি ভিডিও ঘিরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল আলোচনায় আসেন।

গত ২৩ জুলাই তিনি ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় ট্রলের শিকার হন তিনি।

বিজ্ঞাপন

এর প্রতিবাদে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষক।

সমালোচনার মুখে পড়ার পরও যারা তার পাশে থেকে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন বিউটি রাণী পাল। একই সঙ্গে দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনেও সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন বিউটি রাণী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD