বরিশালে ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান জানিয়েছেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের মধ্যে বিস্ফোরণের কিছু আলামত দেখতে পেয়েছে। তবে আশপাশে কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দের উৎস কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এক নারী চা দোকানি বলেন, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েক জন ব্যক্তি গড়িয়ার পাড়ের দিক থেকে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেউ নথুল্লাবাদ ও কেউ লাদেন সড়কের দিকে চলে যায়। মো. তামিম নামে আরকে দোকানি দাবি করেন, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসে। তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, একটা বিকট শব্দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে সড়কের মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখছি। তবে আশপাশে কোনো আলামত পাওয়া যায়নি। এটি কিসের শব্দ ছিল, সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি মিছিলের খবর পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী ওই মিছিল করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং বিস্ফোরণের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করছে। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।








