Logo

শরণখোলায় গাভীর ওপরে কুমিরের হামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫১
শরণখোলায় গাভীর ওপরে কুমিরের হামলা
ছবি প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে কুমিরের হামলায় একটি গাভী আহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে গাভীটি কচুরিপানা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে তাড়া করলে গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায় কুমিরটি।

বিজ্ঞাপন

কুমিরের আক্রমণে গাভীটির পেছনের অংশ মারাত্মক জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন গাভীটিকে।

গরুর মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে। কুমির গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে গাভীটিকে ছেড়ে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী রাসেল ও সুজন জানান, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসে ছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। এঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, গরুর ওপর কুমিরের হামলার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD