বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

বাস শ্রমিকদের ওপর হামলা ও বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তজেলা পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা বাস-মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর মধ্যে নতুন করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে দূরপাল্লার বাস বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন সংগঠনটি।
বিজ্ঞাপন
জানা গেছে, গত রবিবার দামুড়হুদার ফকিরপাড়ায় ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানচালকদের সঙ্গে লোকাল বাস শ্রমিকদের বিরোধের জেরে কয়েকজন বাস শ্রমিকের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে ইজিবাইক চালকেরা মহাসড়কে বাস আটকে রাখেন। এর প্রতিবাদে আন্তজেলা পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।
আন্তজেলা রুটে বাস বন্ধ রেখেই সোমবার দুপুরে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সভা ডাকা হয়। সেখানে অবৈধ যানবাহন বন্ধ ও বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। মঙ্গলবার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেলার পাঁচ রুটে বাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সকালে শহরতলীর দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে অবস্থানরত বেসরকারি চাকরিজীবী জহির রায়হান বলেন, "প্বার্শবর্তী জেলা মেহেরপুরে চাকরি করি আমি। প্রতিদিন সকালে বাসে অফিসে যাই। বাস বন্ধ থাকায় আজ খুব ভোগান্তি পোহাতে হবে।" রুহুল আমিন নামের আরেকজন বলেন, পেশাগত কাজে বিভিন্ন এলাকায় যাওয়া আসা করতে হয়। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে। ইজিবাইক ও লেগুনায় ভেঙে ভেঙে যাতায়াত করতে হচ্ছে।
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহন নিয়ে সমস্যা থাকলেও প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। বাস শ্রমিকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চলবে।








