ঢাকায় নতুন বাসভাড়া, কোন রুটে গুনতে হবে কত টাকা

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বিভিন্ন রুটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্তে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং দূরপাল্লার রুটে এ নতুন হার কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্ধারিত হারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
এই হিসাবে ৫২ আসনের বাসে প্রতি ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া ১৭ টাকা বাড়ছে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই বহাল রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাসভাড়া সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। একই দিন নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে বলে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বাসভাড়া বাড়ানোর পেছনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতিটি ক্ষেত্রেই আগের দামের তুলনায় লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
ঢাকার রুটভিত্তিক নতুন ভাড়া
বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিআরটিএ বিভিন্ন রুটের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে রুটভিত্তিক এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন তালিকা অনুযায়ী, যাত্রাপথের দূরত্বের ভিত্তিতে সংশ্লিষ্ট রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাস পরিচালনা করা হলে আনুপাতিক হারে ভাড়া পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।
বিজ্ঞাপন
নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
ঢাকার কোন রুটে কত ভাড়া দেখতে এখানে ক্লিক করুন।








