Logo

পথচারীদের জন্য খুলে দেওয়া হলো আফতাবনগর-বনশ্রী স্টিল ফুটব্রিজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৫
পথচারীদের জন্য খুলে দেওয়া হলো আফতাবনগর-বনশ্রী স্টিল ফুটব্রিজ
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রী-আফতাবনগর যোগাযোগ সহজ করতে নির্মিত ২ নম্বর স্টিল ফুটব্রিজ পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফরাজী হাসপাতাল সংলগ্ন এলাকায় সেতুটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আফতাবনগর ও বনশ্রীর বাসিন্দাদের যোগাযোগ সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট কমাতে তিনটি ব্রিজ নির্মাণের দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন বলে তিনি জানান।

শফিকুল ইসলাম খান বলেন, অন্য দুটি ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। তবে জনগণের চলাচল ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২ নম্বর স্টিল ফুটব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে খালে ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করে ডিএনসিসি খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে বলে জানান।

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক জানান, বাকি দুটি ব্রিজের নির্মাণকাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কের যানজট কমানো এবং এমআরটি প্রকল্প চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পাশে আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির অর্থায়নে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৩৮ মিটার, ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার ও দৈর্ঘ্য ৪২ মিটার এবং মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৪৯ মিটার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD