Logo

ডেমরায় নির্মাণাধীন ভবনের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৮
ডেমরায় নির্মাণাধীন ভবনের ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে আব্দুস সালাম শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আহসান হাবীব জানান, মুসলিম নগর বাদশা মিয়া রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থান থেকে আব্দুস সালামের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত সালাম ওই ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের বাবা আব্দুল মতিন শেখের দাবি, তার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তাকে হত্যা করে মরদেহ নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় রেখে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে তার এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিহত আব্দুস সালাম শেখের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দত্তকান্দা গ্রামে। বর্তমানে তিনি ডেমরার জজবাড়ী বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকায় ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজের নির্মাণাধীন ভবনে বসবাস করতেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD