Logo

চিকিৎসক সেজে রোগীদের ক্লিনিকে নেওয়ার চেষ্টা, আটক নারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩১
চিকিৎসক সেজে রোগীদের ক্লিনিকে নেওয়ার চেষ্টা, আটক নারী
ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রোন পরে রোগীদের বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টার অভিযোগে শারমিন আক্তার (৩৪) নামে এক নারীকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর প্লাটুন কমান্ডার (পিসি) মো. সাদেক হোসেন বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যের একটি দল হাসপাতালের তৃতীয় তলায় অভিযান চালায়।

অভিযানের সময় ৩১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসকের অ্যাপ্রোন পরা অবস্থায় শারমিনকে দেখতে পান আনসার সদস্যরা। তিনি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন কি না জানতে চাইলে পরিচয়ের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে শারমিন প্রথমে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে তিনি জানান, একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আনসারের ভাষ্য অনুযায়ী, শারমিন চিকিৎসকের অ্যাপ্রোন পরে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে আনসার সদস্যরা তার ওপর নজরদারি বাড়ান এবং পরে তাকে আটক করেন।

অভিযানে পিসি মো. সাদেক হোসেন বাচ্চুর সঙ্গে এপিসি মো. শফিকুল ইসলাম ও আনসার সদস্য মো. আকিদুল ইসলাম অংশ নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শারমিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। দালালি, প্রতারণা কিংবা রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র নেওয়ার মতো কর্মকাণ্ড প্রতিরোধেও তারা সতর্ক রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD