Logo

বারিধারায় শ্রমিক নিহত, ফুটেজে দেখে কিশোরকে গ্রেফতার করল পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০১
বারিধারায় শ্রমিক নিহত, ফুটেজে দেখে কিশোরকে গ্রেফতার করল পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে প্রাইভেটকারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় গাড়িতে থাকা এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার সম্পৃক্ততা পাওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আমিনুল হক বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ফুটেজ পর্যালোচনার পর গুলশানের একটি বাসা থেকে কিশোরটিকে থানায় নিয়ে আসা হয়। এর আগে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছিলেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেদীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে গাড়ির চালকের আসনের দিক থেকে এক কিশোরকে বের হয়ে আসতে দেখা যায়। পুলিশের প্রাথমিক তদন্তে ওই কিশোরের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িটি আসলে কে চালাচ্ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদির ইসলাম মঙ্গলবার রাতে গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪)-কে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। কিশোরটি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। গাড়িটি তার পরিবারের নামে নিবন্ধিত বলে পুলিশ জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD