Logo

কুকুরকে খাবার দিতে গিয়ে রাজধানীতে মারধরের শিকার তরুণী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৯
কুকুরকে খাবার দিতে গিয়ে রাজধানীতে মারধরের শিকার তরুণী
ছবি এআই।

রাজধানীর বনশ্রীতে কুকুরকে খাবার দিতে গিয়ে এক তরুণী হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা নেওয়ার পর খিলগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বনশ্রীর এফ ব্লকের একটি গলিতে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ওই তরুণী। পরে বিকেলে খিলগাঁও থানায় গিয়ে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই গলির একটি কাপড়ের দোকানের সামনে কয়েকটি কুকুরকে খাবার দিচ্ছিলেন তিনি। এ সময় খাবার খেতে গিয়ে কুকুরগুলো দোকানের সিঁড়িতে উঠে যায়। তখন দোকানে থাকা ১২ বছর বয়সী এক ছেলে তাকে সেখান থেকে সরে যেতে বলে।

তরুণীর দাবি, কিছুটা দেরি হওয়ায় দোকানের ভেতরে থাকা মালিকও তার ওপর চড়াও হন। এ সময় দোকানে থাকা ওই ছেলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গালিগালাজের প্রতিবাদ করলে দোকানের ভেতর থেকে প্রায় ২০ বছর বয়সী আরেক তরুণ বেরিয়ে এসে তার মুখে ঘুষি মারেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তরুণীর অভিযোগ, কিছু সময়ের মধ্যে আশপাশের আরও অন্তত ৫০ জন মানুষ সেখানে জড়ো হন। তাদের মধ্যে কেউ তাকে হামলা ও মারধর করেন এবং কেউ গালিগালাজ করেন বলে দাবি করেছেন তিনি।

ঘটনার পর আহত অবস্থায় বুধবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন ওই তরুণী। পরে বিকেলে তিনি খিলগাঁও থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। বৃহস্পতিবার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হবে। তদন্তের পর ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD