রাস্তার পাশে পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক

রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারের পর প্রথমে হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহআলী থানাধীন ব্লক ডির ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। এ সময় ব্যাগের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তিনি।
পরে ওই ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনটি গ্রহণ করেছিলেন কলটেকার মো. সাহেল খান। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এএসআই মো. মাসুম বিল্লাহ।
আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর শাহআলী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে রাস্তার পাশে পড়ে থাকা কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী মেয়েশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটিকে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কর্মকর্তা আনোয়ার সাত্তার আরও জানান, শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শিশুটিকে কে বা কারা রাস্তার পাশে পলিথিনের ব্যাগের মধ্যে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।








