১০০ কিলোমিটার পথে কত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর স্বল্প ও দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ফলে ৫২ আসনের বাসে ১০০ কিলোমিটার পথ যেতে আগের তুলনায় ১৭ টাকা বেশি গুনতে হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নতুন ভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই জারি হবে এবং একই দিন থেকে তা কার্যকর হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১০০ কিলোমিটার দূরত্বে আগের তুলনায় ১৭ টাকা বেশি ভাড়া দিতে হবে।
এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
বিজ্ঞাপন
তবে স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। নতুন দরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বেড়ে ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোল ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন জ্বালানি তেলের দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এর একদিন পর পরিবহন খাতের নতুন ভাড়ার হার ঘোষণা করল সরকার।








