বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ গেল তিন বন্ধুর

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের আটিপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। তিনজনই চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সেলিম সরদার নামে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। মহাসড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে যানজট নিরসন করে। এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলের চালক বিপরীতগামী বাসের চালক; উভয়েরই দোষ ছিল। দ্রুতগতিতে ছুটছিল গাড়ি দুটি। ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান। বাসের চালক-হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন। যাত্রীদের বিকল্প আরেক বাসে গন্তব্যে পাঠানো হয়েছে। মরদেহ তিনটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








