প্রধান অতিথি অনুপস্থিত, বিতরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জের শাল্লায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচির ব্যানারে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মুক্তারপুর ঘাটে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কর্মসূচির বিষয়ে তাদের আগে থেকে অবহিত করা হয়নি। তাদের ভাষ্য, ‘আমাদের জানানো হয়নি, আমরা এ বিষয়ে কিছুই জানি না।’
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছাড়াই পোনা অবমুক্ত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সরকারি পোনা বিতরণ নিয়েও কয়েকজন মৎস্যচাষী অভিযোগ করেছেন। তাদের দাবি, প্রকৃত খামারি হয়েও তারা পোনা পাননি। একই সঙ্গে একজন সুবিধাভোগী একাধিকবার পোনা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের প্রশ্ন, প্রধান অতিথি বিদেশে চিকিৎসাধীন থাকার বিষয়টি জানা থাকার পরও কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়নি কেন। একই সঙ্গে সরকারি পোনা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন








