থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আটক আরও ২ চোর

বগুড়ার ধুনটে মোবাইল চুরির মামলায় রিমান্ডে থাকা আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এসে সন্দেহের মুখে পড়েছেন আরও দুই ব্যক্তি। পরে তাদের আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে ধুনট থানা পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মদ মোস্তফা এবং একই উপজেলার কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের ‘মাসুদ টেলিকম’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
চুরির পরদিন সকালে সিরাজগঞ্জে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় চুরি যাওয়া মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রিমান্ডে থাকা ওই আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছিল। এরপর মোস্তফা ও বাবুল চৌধুরী নামের ওই দুই ব্যক্তি থানায় তাদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।








