Logo

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২ অক্টোবর, ২০২৬, ১৯:৫১
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর মৌলভীবাজারের লাউয়াছড়া বনে আটকে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের নয়টি বগি উদ্ধার ও সংযোগ ঠিক করার পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনটির কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশ করার পর এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, ট্রেনটির মাঝামাঝি অংশে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। অন্যদিকে পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, ট্রেনটি কয়েক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর পেছনের বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি জানা যায়। এরপর ট্রেনটি পেছনের দিকে নেওয়া হয়। পরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সঙ্গে সংযোগ হুক লাগানোর কাজ শুরু করা হয়।

শিপলু আরও জানান, প্রায় তিন ঘণ্টা কাজ শেষে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে হুক লাগানো সম্ভব হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের দিকে যাত্রা করে। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আরও কিছু কাজ করা হবে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD