পাবনায় অটিস্টিক শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পাবনায় প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, বিনোদন ও স্বাভাবিক বিকাশে সহায়তায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি দীর্ঘদিন ধরে অচল থাকা বিদ্যালয়ের একটি অটোরিকশা মেরামত করে সচল করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) পাবনা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল প্রাঙ্গণে রোটারি ইন্টারন্যাশনাল ডি-৩২৮৪-এর ‘প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটা. আলহাজ মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রোটা. পিপি খন্দকার মোবিদুর রহমান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রোটা. এ এইচ এম রেজাউন জুয়েল এবং সাংবাদিক ও সমাজকর্মী।
রোটারি ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট রোটা. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. আব্দুল মান্নান ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি রোটা. গোলাম হাসনায়েন বিপ্লব, ক্লাব সেক্রেটারি রোটা. শফিকুর রহমান শান্ত, রোটা. আসাদুজ্জামান খোকন, জিয়াউর রহমান বিশ্বাস জিউ, রোটা. রফিকুল ইসলাম, রোটা. ড. আহমেদ মেহেদী, রোটা. আলমগীর হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা আক্তারী রিপা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। পরে শিক্ষার্থীদের হাতে বই-খাতা, ক্রীড়া সামগ্রী, খেলনা ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা ও বিনোদনের পাশাপাশি তাদের স্বাভাবিক বিকাশে সামাজিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
কর্মসূচির অন্যতম উদ্যোগ ছিল বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অচল থাকা অটোরিকশাটি মেরামত। নতুন ব্যাটারি সংযোজনের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত করে গাড়িটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, অটোরিকশাটি সচল হওয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমবে। পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও আরও গতিশীল হবে।
আয়োজকেরা জানান, প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সমাজ ও শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন রোটারি ক্লাব অব পাবনার নেতৃবৃন্দ।








