মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক ও স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার গভীর রাতে নিহতদের মরদেহ জামালপুরে নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ পৌঁছানোর পর পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের কান্নায় বিভিন্ন এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তাঁর মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মিনানের জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সুজন আলীর (৪৪) মরদেহ শুক্রবার রাতে তাঁর বাড়িতে নেওয়া হয়। পরে গোবিন্দবাড়ি গ্রামে রাতেই তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রত্যেকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পযন্ত সিএনজিতে ও পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজি চালকসহ মোট সাতজন নিহত হন। পরে ঘাতক বাসটির চালক বাসটিকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মৃতদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাসচলাচল বন্ধ রয়েছে।








