Logo

কুমার নদে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
৩ অক্টোবর, ২০২৬, ১৮:৪১
কুমার নদে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে পূর্ব গাছবাড়িয়া কুমার নদে প্রভাতী সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৩টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। বৈঠার ছন্দ, প্রতিযোগীদের হই-হুল্লোড় আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, পেয়রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম ওসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি। সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম ছোটন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘ফলিয়া এন্টারপ্রাইজ’ এবং পুরস্কার হিসেবে পায় একটি ফ্রিজ। দ্বিতীয় স্থান অর্জনকারী ‘আমগ্রাম এক্সপ্রেস’ও পায় একটি ফ্রিজ। তৃতীয় স্থান অর্জনকারী ‘নিরঞ্জন’ পায় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য নৌকাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি টেলিভিশন দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এলাকাবাসীর বিনোদন ও আনন্দের পাশাপাশি তরুণদের মাদক, বিভিন্ন ধরনের নেশা এবং অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

নৌকাবাইচ দেখতে আসা দর্শকেরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান। এলাকাবাসীর দাবি, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে প্রতিবছর নিয়মিত নৌকাবাইচ আয়োজন করা হোক।

অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, পূর্ব গাছবাড়িয়ায় এমন একটি ঐতিহ্যবাহী আয়োজনকে তিনি স্বাগত জানান। ভবিষ্যতেও নৌকাবাইচের মতো ইতিবাচক আয়োজন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD