Logo

মাগুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ৩

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
৬ অক্টোবর, ২০২৬, ১৫:১২
মাগুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা সদর থানার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিনাথপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং নন্দলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।

মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ লাখ ৪৮ হাজার টাকা, ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। তার স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

মাগুরা জেলা পুলিশ জানায়, মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD