Logo

সাংবাদিককে কটুক্তির অভিযোগে আদালতে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৬ অক্টোবর, ২০২৬, ১৬:৪১
সাংবাদিককে কটুক্তির অভিযোগে আদালতে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ
ছবি প্রতিনিধি।

চট্টগ্রামে এক সাংবাদিককে কটুক্তি ও অশালীন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এ মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ৭১১/২০২৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বিবাদী জহির আহমদের সঙ্গে জাতীয় দৈনিক মুক্ত খবর-এর সিনিয়র রিপোর্টার সাদ্দাম হোসাইনের ভগ্নিপতির দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ চরম আকার ধারণ করলে গত ১১ সেপ্টেম্বর সাংবাদিক সাদ্দাম হোসাইন কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আনোয়ারা থানার বরুমছড়া এলাকায় যান।

অভিযোগে বলা হয়, সেখানে বিবাদী জহির আহমদ বাদী সাদ্দাম হোসাইনসহ অন্য সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করার এবং মানহানি করার হুমকি দেন।

বিজ্ঞাপন

এর পরদিন, ১২ সেপ্টেম্বর, বিবাদী তার ব্যবহৃত ‘জহির আহমদ’ নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক সাদ্দাম হোসাইন, তার সাবেক ইউপি সদস্য বাবা এবং প্রবাসী ভগ্নিপতিকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করে পোস্ট দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার বাদীর দাবি, ওই ফেসবুক পোস্টের কারণে তিনি, তার বাবা ও ভগ্নিপতি আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং পেশাগত মহলে হেয় প্রতিপন্ন হয়েছেন। পাশাপাশি বিবাদীর হুমকি ও কটুক্তির কারণে তাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় আদালতে মামলা দায়ের করেন সাংবাদিক সাদ্দাম হোসাইন।

বিজ্ঞাপন

মামলাটি আমলে নিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD