ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ায় ঐতিহ্যবাহী ফুটবল মাঠ দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহাদুল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাঠটি দখলে রেখেছেন। ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল, স্থানীয় বাসিন্দা রেজওয়ানুর রহমান, মদুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা।
আব্দুস সাত্তার মিলন বলেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে করে ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ার এই মাঠে অবতরণ করেছিলেন। ফলে মাঠটির সঙ্গে এলাকার মানুষের পাশাপাশি ওই সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিও জড়িয়ে আছে। তিনি মাঠটি সংরক্ষণের দাবি জানান।
বিজ্ঞাপন
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের দাবি, শাহাদুল একসময় গাইবান্ধা থেকে এসে করতোয়া নদীতে মাছ শিকার করতেন। পরে একটি কবুলিয়তনামা বা দলিলের মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে তিনি মাঠটি দখলে নেন। তবে ওই দলিলের বৈধতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে বলে তারা জানান।
প্রবীণ বাসিন্দা রেজওয়ানুর রহমান ও মদু বলেন, তারা এবং তাদের বাবা-দাদারা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন। তাই জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি মাঠটি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য সংরক্ষণ করা প্রয়োজন।
মানববন্ধন থেকে মাঠের মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মাঠটি দখলমুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের খেলাধুলার জন্য সংরক্ষণের আহ্বান জানান এলাকাবাসী।








