Logo

কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপ্তাই, রাঙ্গামাটি
৬ অক্টোবর, ২০২৬, ১৪:৫৯
কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম সুমি (২৮) হত্যা মামলায় মো. মাহিবুর কামাল মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে হাসিনা বেগম সুমির সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মাহিবুর—এমন অভিযোগ মামলায় করা হয়। একপর্যায়ে মাহিবুরের অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এর জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মাহিবুর ইট দিয়ে সুমির মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

পরে হত্যার ঘটনা আড়াল করতে সিগারেটের আগুন দিয়ে মরদেহে আগুন ধরিয়ে মাহিবুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে সুমির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাহিবুরকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD