চার্জ দেওয়ার সময় অটোরিকশা গ্যারেজে আগুন, পুড়ল ১২ যানবাহন

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে আগুন লেগে ১১টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। একই ঘটনায় গ্যারেজের পাশে থাকা মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজও পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দেওয়া ছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজে থাকা যানবাহন ও পাশের মুদির দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে গ্যারেজে চার্জে থাকা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি মুদির দোকানের বিভিন্ন মালামাল ও একটি ফ্রিজও আগুনে নষ্ট হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, ক্ষতিগ্রস্ত অটো গ্যারেজটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না।








