নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে বাবা নিহত, শিশুর পাশে প্রশাসন

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে স্বপন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর চার বছরের একমাত্র সন্তান। শিশুটি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) নেছারাবাদ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শিশুটিকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বুধবার (৭ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরের নির্দেশনায় নিহত স্বপনের বাড়িতে যান নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহম্মেদ। উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ২০ হাজার টাকা দেওয়া হয়। মোট ৪০ হাজার টাকা নিহতের বাবার হাতে তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে ইউএনও আশিক আহম্মেদ বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। শিশুটির চিকিৎসাসহ পরিবারটির জন্য ভবিষ্যতে আরও কী ধরনের সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় বলদিয়া ইউনিয়নের প্রশাসক বশির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রাইসুল ইসলাম, সোনালী ব্যাংক স্বরূপকাঠি শাখার ব্যবস্থাপক দৃপেন্দ্র নাথ মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান জুয়েল, বিন্না ইয়ংমেন্স ক্লাবের সভাপতি রিয়াদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাঠবোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা চার বছরের শিশুটিও গুরুতর আহত হয়।
বিজ্ঞাপন
স্বপনের মৃত্যুর পর পরিবারটি আর্থিক ও মানসিকভাবে সংকটে পড়েছে। বর্তমানে আহত শিশুর চিকিৎসা চলছে ঢাকার পঙ্গু হাসপাতালে। শিশুটির চিকিৎসা ও পরিবারের পাশে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।








