Logo

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যসহ আটক ৪

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৮ অক্টোবর, ২০২৬, ১৭:৪৩
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যসহ আটক ৪
ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় একটি টিনশেড বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আটক চারজনের মধ্যে পুলিশ সদস্যকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর তিনজনকে ডোপ টেস্ট করানোর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।

ডিএনসি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানের একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় এএসআই দেলোয়ার হোসেন টিনের একটি অংশ ভেঙে বাইরে লাফ দেন। পরে কাদামাটিতে পড়ে গেলে তাকে আটক করতে গেলে ডিএনসি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বাড়ি থেকে মিরাজুল ইসলামসহ চারজনকে আটক করা হয়।

ডিএনসি জানিয়েছে, অভিযানের সময় বাড়িটিতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তবে সেখানে বড় কোনো মাদকের চালান বা উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের দাবি, মিরাজুল ইসলামের কোনো দলীয় পদ না থাকলেও তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে মাদক কারবার ও স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে মিরাজুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একজন পুলিশ সদস্য ও একজন নারীসহ চারজনকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিমানবন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন উপস্থিত হলে আটক পুলিশ সদস্যকে তার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, অপর তিনজনকে ডোপ টেস্ট শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD