Logo

মসজিদে শিন্নি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত বাকপ্রতিবন্ধী যুবক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৯ অক্টোবর, ২০২৬, ১৯:২৪
মসজিদে শিন্নি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত বাকপ্রতিবন্ধী যুবক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে জুমার নামাজের পর মসজিদে শিন্নি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুনিম আহমদ (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নামাজ শেষে মসজিদে শিন্নি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে।” এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিজ্ঞাপন

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD