Logo

মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
১০ অক্টোবর, ২০২৬, ১৮:৫৭
মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কার করল বিডি ক্লিন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে বিডি ক্লিনের শতাধিক সদস্য অংশ নেন।

বিজ্ঞাপন

বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, সংগঠনটি সারা দেশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভাগাড় পরিষ্কারে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, শুধু ময়লার স্তূপ পরিষ্কার করাই নয়, সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য। বসতবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিডি ক্লিনের সদস্যরা বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে সহযোগিতা করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD