নগরকান্দায় নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

ফরিদপুরের নগরকান্দায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই তীর ও দক্ষিণকান্দী সেতু এলাকায় জড়ো হন হাজারো মানুষ। শনিবার (১০ অক্টোবর) দক্ষিণকান্দী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
নৌকাবাইচ উপভোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তাঁর সফরসঙ্গী এবং বিএনপির নেতাকর্মীরা। বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটু।
বিজ্ঞাপন
নৌকাবাইচকে কেন্দ্র করে কুমার নদের দুই তীরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগী নৌকাগুলোর দ্রুত ছুটে চলা এবং মাঝিদের বৈঠা চালানোর ছন্দ উপভোগ করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে নদীপাড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।








