Logo

সাজেকে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১৫ অক্টোবর, ২০২৬, ১৯:৩৭
সাজেকে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত
ছবি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সাজেক কারবারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেক মার্চাং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে দুই সংগঠন এ সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের মতো সাজেক মার্চাং বাজারেও শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। ধর্মীয় এ উৎসবের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সড়ক অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

‎দুই সংগঠনের নেতারা জানান, এ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমালের সুরক্ষার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎তাঁরা বলেন, প্রশাসন সাজেকবাসীর দাবিগুলো পূরণ না করলে দুর্গোৎসবের পর পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

‎এদিকে, কোনো ধরনের কালক্ষেপণ না করে সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের নেতারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD