Logo

অবশেষে কুমারখালী স্টেশনে থামল সুন্দরবন এক্সপ্রেস

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ অক্টোবর, ২০২৬, ২০:৪৬
অবশেষে কুমারখালী স্টেশনে থামল সুন্দরবন এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকা-খুলনা রুটের আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ১৩ মিনিটে প্রথমবারের মতো স্টেশনটিতে দুই মিনিটের জন্য থামে ট্রেনটি। বহুল প্রত্যাশিত এই যাত্রাবিরতিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দেয় ব্যাপক আনন্দ ও উৎসাহ।

বিজ্ঞাপন

ট্রেনটিকে স্বাগত জানাতে কুমারখালী রেলস্টেশন চত্বরে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। কারও হাতে ছিল ফুলের মালা ও ফুলের তোড়া, আবার কেউ নিয়ে আসেন আতশবাজি। স্কাউট দলের সদস্যরা ড্রামসেট বাজিয়ে ও স্কাউট তালি দিয়ে ট্রেনটিকে স্বাগত জানান। এ সময় স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উপস্থিত মানুষের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের স্কাউট দলের লিডার সানজিদা আজিজ বলেন, বহুল কাঙ্ক্ষিত সুন্দরবন এক্সপ্রেস প্রথমবারের মতো স্টেশনে থামছে। এ উপলক্ষে ট্রেনটিকে স্বাগত জানাতে স্কাউট দলের সদস্যরা তালি দিচ্ছেন, অন্য একটি দল ড্রামসেট বাজাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুমারখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, ট্রেনের যাত্রাবিরতির খবর পেয়ে শত শত মানুষ স্টেশনে ছুটে এসেছেন। পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এখন থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকায় যাতায়াত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ সুবিধা চালু হওয়ায় স্থানীয় মানুষ আনন্দিত।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করতে স্থানীয়দের আন্দোলন-সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২৩ সালে ট্রেনটির স্টপেজের দাবিতে প্রথম মানববন্ধন করেন কুমারখালীর সাংবাদিকরা। পরবর্তী সময়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

২০২৫ সাল থেকে এই আন্দোলন আরও জোরালো করেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ তিয়াশ। চলতি বছরের জুন পর্যন্ত অন্তত ছয় দফা আন্দোলন-সংগ্রামের পর অবশেষে বৃহস্পতিবার থেকে ট্রেনটির যাত্রাবিরতি কার্যকর হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুমারখালী রেলস্টেশনের মাস্টার জাহিদুর রহমান জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস বেলা ১১টা ২০ মিনিটে কুমারখালী স্টেশনে থামবে। অন্যদিকে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি রাত ১টা ৩৭ মিনিটে স্টেশনটিতে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।

দীর্ঘদিনের দাবির পর সুন্দরবন এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় কুমারখালী ও আশপাশের এলাকার মানুষের ঢাকা-খুলনা রুটে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD