Logo

চার মাসের প্রেম, চীন থেকে মাদারীপুরে প্রেমিকার বাড়িতে তরুণ

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
১৭ অক্টোবর, ২০২৬, ২০:০০
চার মাসের প্রেম, চীন থেকে মাদারীপুরে প্রেমিকার বাড়িতে তরুণ
প্রেমের টানে চীনা নাগরিক মাদারীপুরে। ছবি: প্রতিনিধি

প্রযুক্তির মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশের মাদারীপুরের একটি গ্রামে এসেছেন আর্লিঅং নামের এক চীনা নাগরিক। তাঁর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল ও আলোচনা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মোস্তফা বেপারী ও বিউটি বেগমের মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনা নাগরিক আর্লিঅংয়ের। পরিচয়ের পর প্রায় চার মাস ধরে তাঁদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১৫ অক্টোবর ২০২৬ আর্লিঅং বাংলাদেশে আসেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হাফিজা বিষয়টি তাঁর মা বিউটি বেগমকে জানান। পরে বিউটি বেগম তাঁর বড় মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ওই চীনা নাগরিককে মাদারীপুরে নিজেদের বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। এলাকাবাসীর কেউ কেউ ওই ব্যক্তির পরিচয়, বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং হাফিজার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাফিজার মা বিউটি বেগম জানান, মেয়ের সঙ্গে চীনা নাগরিকের সম্পর্কের বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। হঠাৎ মেয়ে তাঁকে ফোন করে জানায়, চীন থেকে একজন তরুণ বিমানবন্দরে এসেছেন এবং তাঁকে বাড়িতে নিয়ে যেতে হবে।

বিউটি বেগম বলেন, “প্রথমে আমি মেয়েকে অনেক রাগারাগি করেছি। তারপর ভাবলাম, যেহেতু ছেলেটা অনেক দূর থেকে আসছে, তাকে বাড়িতে নিয়ে আসি। তারপর যা হওয়ার তাই হবে। এই ভেবে আমি আমার বড় মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই তরুণের বিষয়ে খোঁজখবর নেওয়ার পর সবকিছু ভালো মনে হলে হাফিজার সঙ্গে তাঁর বিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত হাফিজা ও আর্লিঅংয়ের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়নি। তাঁদের সম্পর্ক ও বিয়ের সম্ভাবনা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD