বেলাই বিল থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত, নাম তানজিনা

গাজীপুর সদর উপজেলার বেলাই-বিল থেকে উদ্ধার হওয়া স্কুল ড্রেস পরা কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম তানজিনা (১৭)। তার বাবা নবী হোসেন প্রবাসী। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের পশ্চিমপাড়া এলাকার বেলাই-বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিল তানজিনা। তাকে খুঁজে পেতে ‘md Rayhan’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে উল্লেখ করা মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তানজিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, শনিবার সকালে বিলের পানিতে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানার আমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
আমতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবলু জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।








