নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কাজ সম্পন্ন করার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীদের যথাযথভাবে শনাক্ত করে ফ্যামিলি কার্ড কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে নারীদের সংসারের ব্যয় নির্বাহে সহায়তা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কর্মসূচির আওতায় আসেন এবং যোগ্য কেউ বঞ্চিত না হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সালা্হউদ্দীন শেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।








