Logo

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২০ অক্টোবর, ২০২৬, ২২:০১
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি
ছবি: সংগৃহীত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। দেশকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চান তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। বিএনপির আদর্শও হলো সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন, আর সরকার তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী আজ দেশের তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার বরাদ্দও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের দ্বারা দেশ থেকে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে এতে কোনো লাভ হবে না। সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা ভেবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইল থেকেই মাদক নির্মূলের কাজ শুরু করতে চান, যাতে পর্যায়ক্রমে সারা দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। দলের নেতারাও এ বিষয়ে সোচ্চার রয়েছেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD