কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও ডাউনলাইনে চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে রেলওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে তাঁদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
বিজ্ঞাপন
তবে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, এ দুর্ঘটনার কারণে ট্রেনের সামগ্রিক সময়সূচিতে বড় ধরনের সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।








