Logo

ঠাকুরগাঁও এমপিকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, থানায় মামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
২৮ অক্টোবর, ২০২৬, ১২:১৯
ঠাকুরগাঁও এমপিকে নিয়ে এআই দিয়ে অশ্লীল ভিডিও, থানায় মামলা
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৫ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইলিয়াস আলী হৃদয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওগুলো দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ‘মুহাম্মদ ইউসুফ চট্টগ্রাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ঠাকুরগাঁও ২ আসনের এমপি মো. আব্দুস সালামের সাথে আবাসিক হোটেলে মডেল ইসা মনির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়।

এ ছাড়া ‘Rubel Islam’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ঠাকুরগাঁও ২ আসনের এমপি মো. আব্দুস সালাম’ শিরোনামে আরও একটি ভিডিও প্রচার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

বিজ্ঞাপন

অভিযোগকারী ইলিয়াস আলী হৃদয়ের দাবি, ভিডিওগুলোতে দেখানো ব্যক্তিদের চেহারার সঙ্গে সংসদ সদস্য আব্দুস সালামের চেহারার মিল নেই। তাঁর অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা অন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি, সম্পাদনা বা বিকৃত করে সেগুলো আপত্তিকর ভিডিও হিসেবে প্রচার করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব ভিডিও প্রচারের মাধ্যমে সংসদ সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করে তাঁকে জনসমক্ষে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে ভিডিওগুলো প্রচার করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগে আশঙ্কা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ইলিয়াস আলী হৃদয় সংসদ সদস্য আব্দুস সালামকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে তাঁর অনুমতি নিয়ে থানায় এজাহার দায়ের করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২)/২৯ ধারায় মামলা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। মামলার নম্বর ১৮/২৩৪। ঘটনার তারিখ ২৫ অক্টোবর এবং মামলা দায়েরের তারিখ ২৬ অক্টোবর ২০২৬।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, এজাহার পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে ভিডিওগুলোর প্রস্তুতকারী, মূল প্রকাশকারী এবং পরবর্তী সময়ে শেয়ারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD