দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছয় ছিনতাইকারীর বিরুদ্ধে। দুটি মোটরসাইকেলে এসে তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে তারা। এ সময় ওই নারীর টাকাভর্তি ব্যাগ, একটি মোবাইল ফোন এবং অটোরিকশাচালকের মোবাইল ফোন ও গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়াসংলগ্ন ডিসি সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া ইসমাইল সওদাগর বাড়ির সামশুন নাহার (৫০) নামে ওই নারী জমি রেজিস্ট্রারি করার জন্য নগদ টাকা নিয়ে অটোরিকশাযোগে রাউজান সদর সাব রেজিস্ট্রার অফিস যাচ্ছিলেন। পরে ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ৬ জন ছিনতাইকারী ৩টি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, ১টি মোবাইল ফোন এবং অটোরিকশাচালকের মোবাইল ফোন ও অটোরিকশার চাবী ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর মাত্র পাঁচ মিনিট আগে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের বেলায় এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়?’ একই সঙ্গে ভুক্তভোগীর টাকা উদ্ধারে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী শামসুন নাহার বলেন, আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে আর ২ লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ করেছি।
শামসুন নাহারের ছেলে মো. আরিফ বলেন, পৌর সদরের চারাবটতল এলাকায় ৪ গন্ডা জমি ক্রয়ের জন্য জমির মালিকের সাথে ৩২ লাখ টাকায় কথা হয়। আমরা ৫ লাখ বায়না করেছিলাম। আজকে ২৭ লাখ টাকা নিয়ে আমার মা এবং দলিল লেখকসহ সাব রেজিস্ট্রার অফিসে যাচ্ছিলেন। আমি এর আগে মোটরসাইকেল চালিয়ে রাউজান সাবরেজিস্ট্রার অফিসে যাই। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা প্রশাসনের কাছে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের বিষয়ে যথাযথ সহযোগিতা চাই।
বিজ্ঞাপন
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত ছিনতাইকারীরা পুলিশের হাতে আটক হবে।








