Logo

প্রথমবারের মতো হিলিতে থামবে ঢাকাগামী ট্রেন, খবরে উচ্ছ্বাস

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫৫
প্রথমবারের মতো হিলিতে থামবে ঢাকাগামী ট্রেন, খবরে উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজের অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পোর্ট ও বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি পাওয়া গেল। এতে হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ খুলেছে এবং স্থলবন্দরকেন্দ্রিক এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিনের সই করা এক পরিপত্রে এ অনুমোদন দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনায় হিলি স্টেশনে দিনের বেলায় নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসা মো. হান্নান বলেন, হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মানববন্ধনও করেছেন তাঁরা। নতুন এই অনুমোদনের চিঠি পেয়ে হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

হাকিমপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হিলিতে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন ছিল। বুধবার দুটি আন্তঃনগর ট্রেনের দিনের বেলার বিরতির অনুমোদনের চিঠি দেখেছেন উল্লেখ করে তিনি দ্রুত সিদ্ধান্তটি বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হিলি স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে স্টেশনটিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি রয়েছে।

হিলি স্টেশনমাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, নতুন অনুমোদনের চিঠি এখনো স্টেশনে পৌঁছায়নি। কবে থেকে নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। কয়েক দিনের মধ্যে চিঠি হাতে পাওয়ার আশা করছেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD