Logo

কক্সবাজার সৈকতে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে সংহতি দৌড়

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৩১ অক্টোবর, ২০২৬, ১৪:৫৫
কক্সবাজার সৈকতে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে সংহতি দৌড়
ছবি: সংগৃহীত

সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পিস’ শীর্ষক সংহতি দৌড়। শনিবার সকালে আয়োজিত ৭ দশমিক ৫ কিলোমিটারের এ দৌড়ে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, যুব নেটওয়ার্কের সদস্যসহ বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়। নির্ধারিত পথ ধরে অংশগ্রহণকারীরা হলিডে মোড়, ঘুনগাছতলা ও নতুন ব্রিজ ঘুরে আবার লাবণী বিচ পয়েন্টে ফিরে আসেন।

আয়োজকেরা জানান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সামাজিক বিভেদ দূর করে মানুষের মধ্যে সম্পর্ক ও সংহতি জোরদারে তরুণদের নেতৃত্বে এ আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় লাবণী বিচ পয়েন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। নারী ও পুরুষ—উভয় বিভাগে প্রথম তিনজনকে আর্থিক পুরস্কার ও সনদ দেওয়া হয়।

নারী বিভাগে প্রথম হয়েছেন বিপাশা আনোয়ার, দ্বিতীয় নুসরাত জাহান এবং তৃতীয় ভিওলি তুগাদে হোসেইন। পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন আশরাফুল আলম। দ্বিতীয় হন আলেক্স পারভেজ পলাশ এবং তৃতীয় জাকির হোসেন। এ ছাড়া দুই বিভাগের সেরা ১০ জন দৌড়বিদকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা। তিনি শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণে স্বতন্ত্র ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। তিনি সবাইকে সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থান বজায় রাখারও অনুরোধ করেন।

বিজ্ঞাপন

একশনএইড বাংলাদেশের হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম আশা প্রকাশ করেন, ‘রান ফর পিস’-এর চেতনা সমাজে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রেরণা জোগাবে। সংস্থাটির ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান শান্তি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ, শেডের উপপরিচালক আবদুল মান্নান এবং এমবোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইনজামামুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD