Logo

প্রেমিকের সঙ্গে তরুণীর পালানোর জেরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
৫ নভেম্বর, ২০২৬, ১৩:১৮
প্রেমিকের সঙ্গে তরুণীর পালানোর জেরে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক তরুণীর প্রেমিকের সঙ্গে চলে যাওয়া এবং বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের এক যুবকের সঙ্গে একই ইউনিয়নের হলিমপুর গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ওই তরুণী প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে কাজীর মাধ্যমে ধর্মীয় বিধান মেনে তারা বিয়ে করেন।

বিয়ের বিষয়টি জানাতে এবং তা মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে ওই রাতেই ছেলের পক্ষের কয়েকজন মেয়ের বাড়িতে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেয়ের পরিবারের সদস্যরা ছেলের স্বজনদের ওপর হামলা চালান বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এই ঘটনার জের ধরে বুধবার দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের কারণে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD